মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ
দিনাজপুরের পার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে কৃষকদের মাঝে রবি মৌসুমে কৃষি প্রণোদনা প্রদানের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান এমপি।
সূচনা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আমজাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন ও বেলাইচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান কৃষিবীদ নূর মোহাম্মদ রাজা।
২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, ভূট্টা, সূর্যমূখী, শীতকালীন পিয়াঁজ, মুগডাল, ফসলের বীজ এবং রাসায়নিক সার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় এ অনুষ্ঠানে । এর আওতায় ৪ হাজার ৪’শ ৪০ জন কৃষক রবি মৌসুমে কৃষি প্রণোদনার এই সুফল পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ১ কেজি সরিষা, ১০ কেজি ডিএফপি ও ১০ কেজি এমওপি বিতরণ করা হয়। বিতরণ শেষে ‘ইদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ’ এই স্লোগাণকে সামনে রেখে জাতীয় ইদুর নিধন অভিযান কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।