ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১:০০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসব উপলক্ষে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পূজা উদযাপন পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টলারি লে: কর্নেল মোঃ ইমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান, এনএসআই যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের আমির শাহিনুর আলম, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মুফতি মোঃ মহিবুল্লাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সহ জেলা ও উপজেলার ইউএনও, বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বলেন, জেলার দূর্গা পূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত আনসার ও পুলিশ বাহিনী মোতায়েনের ব্যবস্থা করা হবে। এছাড়া RAB এর টহল কার্যক্রম চলমান থাকবে। দূর্গা পূজা উপলক্ষে মেলায় কোনো ধরনের মাদক সেবন, জুয়া, হাউজি সহ কোনো অনৈতিক কাজ করা যাবেনা। এছাড়া কোনো ধরনের আতশবাজি, ডিজে পার্টি এবং উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যানজট নিরসনে পূজা বিসর্জনের দিন প্রধান সড়কে কোন টমটম, সিএনজি, অটোরিকশা চালানো যাবে না। আপনারা নিজ দায়িত্বে স্বেচ্ছাসেবক দলের ব্যবস্থা করবেন। প্রয়োজনে তাদের জন্য নির্দিষ্ট পোশাকের ব্যবস্থা করতে হবে। বিসর্জনের দিন বিসর্জন স্থলে অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্ধার কাজের জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত থাকবেন।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা বলেন যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সিরাজগঞ্জ জেলার দূর্গা পূজায় তেমন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না। আশা করছি এবারও সুষ্ঠুভাবে দূর্গা পূজা উদযাপন করতে পারবেন। পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জন্য আবেদন জানান। এছাড়া অধিক নিরাপত্তার জন্য প্রত্যেক পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। সুষ্ঠুভাবে দূর্গা পূজা সম্পন্ন করতে তারা নিজেরা সবোর্চ্চ সতর্ক থাকবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সবোর্চ্চ সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য যে, সিরাজগঞ্জ জেলার উপজেলায় সর্বমোট ৪৯৯ টি পূজা মণ্ডপে দূর্গা পূজা উৎসব অনুষ্ঠিত হবে বলে জানা যায়।