মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত খনি শ্রমিকরা প্রোডাকশন প্রফিট বোনাসসহ চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকারের জন্য অবস্থান ধর্মঘট শুরু করেছেন।
আজ বুধবার (২ জুলাই) সকাল ৭ টা থেকে খনির প্রধান ফটকের সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে এই অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট শুরু করেছেন। আন্দোলনকারী শ্রমিকরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। শ্রমিকরা এতে ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিয়েছেন।
জানা যায়, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের (এমজিএমসিএল) ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) তাদের আওতাধীন কর্মরত খনি শ্রমিকদের দিয়ে দীর্ঘদিন থেকে প্রতিদিন তিন শিফটে ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কার্যক্রম পরিচালনা করে আসছে। চলতি বছরের মে মাসে কর্তৃপক্ষের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণ পাথর উত্তোলন করেন শ্রমিকরা। তবে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণে পাথর উত্তোলন করলেও কর্তৃপক্ষ শ্রমিকদেরকে প্রোডাকশন প্রফিট বোনাস না দেওয়ায় এ নিয়ে শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে শ্রমিকরা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক করলেও কোনো সমাধান না হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ আরো বৃদ্ধি পেয়েছে। এসব নিয়ে প্রতিবাদ করায় খনির ব্লাস্টার শফিকুল ইসলাম, লং ড্রিল অপারেটর রফিকুল ইসলাম, অপারেটর ওমর আলী ও জুনিয়র অপারেটর হাসান আলীকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন কর্তৃপক্ষ। এতে বিক্ষুদ্ধ শ্রমিকরা প্রফিট বোনাসসহ চাকরিচ্যুত শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবিতে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন শুরু করেছেন।
আন্দোলনকারী খনি শ্রমিক সোলাইমান ইসলাম সহ চাকরিচ্যুত খনি শ্রমিকরা বলেন, কর্মরত খনি শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণে পাথর ভূগর্ভ থেকে উত্তোলন করার পরও প্রোডাকশন প্রফিট বোনাস দেওয়া হচ্ছে না তাদের। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গিয়ে কয়েকজন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। প্রফিট বোনাসসহ চাকরিচ্যুত শ্রমিকদের চাকরীতে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন তারা।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের (এমজিএমসিএল) ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে কথা বলার জন্য চেষ্টা করেও কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এমনকি তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউই মোবাইল নম্বরও দেননি। ফলে এ ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের (এমজিএমসিএল) উপ-মহাব্যবস্থাপক সৈয়দ রফিজুল ইসলাম বলেন, খনিশ্রমিকদের আন্দোলনের জন্য আজ বুধবার (২ জুলাই) সকাল থেকে খনির পাথর উত্তোলন পুরোপুরি বন্ধ রয়েছে। তবে উপরিভাগের পাথর বিক্রিসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে। শ্রমিকরা সরাসরি এমজিএমসিএল এর অধীনে নয়, তারা ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি এর অধীনে কর্মরত। কর্তৃপক্ষ বিষয়গুলো নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছেন।