মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :
রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে ১ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামী পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মকিম মোল্লা। তিনি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার চরকুলটিয়া গ্রামের আজিজ মোল্লার ছেলে।
মামলার নথী সূত্র জানায়, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি বোনের বাড়ি থেকে ফেরার পথে কালুখালী উপজেলার কাশমিয়ার বিল এলাকায় ধারালো অস্ত্র দিয়ে নাজমা বেগমকে হত্যা করে তার দ্বিতীয় স্বামী মকিম মন্ডল। মূলত দ্বিতীয় স্বামীর কাছ থেকে প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়ায় ক্ষোভে মকিম মন্ডল তাকে হত্যা করে। পরদিন ২২ ফেব্রুয়ারি সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ওইদিন নিহতের ভাই ইমান আলী বাদি হয়ে কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাজবাড়ী জর্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী আব্দুর রাজ্জাক জানান, আদালত দীর্ঘ শুনানী শেষে আজ এ রায় প্রদান করেন। একই সঙ্গে দন্ডিত ব্যাক্তিকে দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। এ রায়ে বিচারপ্রার্থী ন্যায় বিচার পেয়েছে।