মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) পাংশা উপজেলার বাকদুলি একালার কাশেম মন্ডলের ভাটার পাশে এ দূর্ঘটনাটি ঘটে।
ঘটনায় একজন আহত হয়ে বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত যুবকের নাম আবু সাদ (৩০)। তিনি উপজেলার পাট্টা পশুরহাট গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আহত ব্যাক্তির নাম আজিম (১৫)। তিনি একই উপজেলার মৌরাট পূর্ব বাকদুলি গ্রামের আকুব্বরের ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. ফারুক ও নিহতের ভাই আবু তালহা জানান, শহিদুল ইসলাম তার এক অসুস্থ আত্মীয়কে দেখতে পাংশা হাসপাতালে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে আবু সাদের অবস্থার আরও অবনতি হলে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয় সেখানেই পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনা সম্পর্কিত বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।