ব্রেকিং নিউজ বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়

বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগ

মো. সোহেল রানা
বেতাগী বরগুনা :

বরগুনার বেতাগীতে রাতের আঁধারে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও ইউনিয়ন পরিষদে তালা লাগানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। একই রাতে বেতাগী পৌরসভার একটি গাড়িসহ বাসস্ট্যান্ড এলাকায় আরও একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যেই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সিফাত সিকদারের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করার খবর পাওয়া গেছে। পরপর এসব ঘটনায় বেতাগীজুড়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

অভিযোগ রয়েছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেতাগী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিফাত সিকদারের নেতৃত্বে রাতের আঁধারে উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে তালা লাগানো হয়। তালা লাগানো প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বেতাগী উপজেলা পরিষদ, বেতাগী সরকারি কলেজ, ১ নং বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ, পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ৩ নং হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হোসনাবাদ ইউনিয়ন পরিষদ, মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়, ৪ নং মোকামিয়া ইউনিয়ন পরিষদ, কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়।

এদিকে বেতাগী পৌরসভার একটি গাড়ি এবং বেতাগী বাসস্ট্যান্ড এলাকায় অপর একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তালা লাগানো ও অগ্নিসংযোগের ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্তসাপেক্ষ।

অন্যদিকে, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেতাগীতে একটি মিছিল বের করা হয়। জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সিফাত সিকদারের নেতৃত্বে মিছিলটি চান্দুখালী বাজারের বাইপাস মোড় থেকে শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

একই সময়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তালা লাগানো এবং গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় প্রশাসনের নিরাপত্তাব্যবস্থা ও গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, এতগুলো সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে রাতের আঁধারে এমন ঘটনা ঘটলেও আগে থেকে কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি কেন?

স্থানীয়দের মতে, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিদের দায়িত্ব পালন, সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে সরকারি সম্পদে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

ঘটনাগুলোর প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। তবে শুধু প্রতিবাদ কর্মসূচি নয়, বেতাগীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারি সম্পদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, বেতাগী পৌরসভার গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া যেসব প্রতিষ্ঠানে তালা লাগানো হয়েছিল, সেগুলোর তালা খুলতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বর্তমানে বেতাগীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

লেখক