দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কর্মরত অবস্থায় মি সিং সিয়াওজুন (৪৩) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে খনির ১৩০৫ নম্বর কোল ফেইসের সিল ওয়ালের পাশ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খনি সংশ্লিষ্ট শ্রমিকদের সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার শিফটে দায়িত্ব পালন করতে ভূগর্ভে প্রবেশ করেন সিং সিয়াওজুন। তিনি খনির ভেন্টিলেটর সাইডে কর্মরত ছিলেন। রাতের কোনো একসময় ১৩০৫ নম্বর কোল ফেইসে কাজ করার সময় তাঁর সঙ্গে সহকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত ৩টার পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক জানান, নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে সিং সিয়াওজুন দুই স্থানীয় সহকর্মীকে নিয়ে খনির নিচে গ্যাসের মাত্রা পরীক্ষা করতে যান। একপর্যায়ে তিনি সহকর্মীদের অন্য স্থানে গ্যাস পরিমাপের দায়িত্ব দিয়ে নিজে ১৩০৫ নম্বর কোল ফেইসের সিল ওয়ালের কাছে যান।
এরপর নির্ধারিত স্থানে তাঁকে না পেয়ে সহকর্মীরা বিষয়টি খনির ভূপৃষ্ঠের কন্ট্রোল রুমে অবহিত করেন। মঙ্গলবার সকাল ৭টায় শিফটের দায়িত্ব শেষ হলেও সিং সিয়াওজুন বাইরে না আসায় বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা হয়। পরে খনির উদ্ধারকারী দল অনুসন্ধান চালিয়ে সিল ওয়ালের পাশ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
দ্রুত তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
এদিকে, চীনা এই শ্রমিকের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে খনির কয়েকজন শ্রমিকের ধারণা, ভূগর্ভে অক্সিজেনের ঘাটতি কিংবা গ্যাসজনিত সমস্যার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি নিশ্চিত হতে তদন্ত ও ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে।
বিসিএমসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের মরদেহের বিষয়ে চীনে অবস্থিত কনসোর্টিয়ামের প্রধান কার্যালয় এবং তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরবর্তী সময়ে চীনা কনসোর্টিয়ামের নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে মরদেহের সৎকারের ব্যবস্থা করা হবে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, এ ঘটনায় মরদেহের ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।