মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :
রাজবাড়ীতে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ ও বিজয় মিছিল করেছে বিএনপি। বুধবার (৬ আগষ্ট) দুপুরে জেলা বিএনপির সাবেক সভাপতি রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
শুরুতে জেলা শহরের প্রধান সড়কের বকুল তলা এলাকা থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক পথে ১ নম্বর রেলগেট সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি ফলক চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল প্রমুখ।
সমাবেশে আলী নেওয়াজ খৈয়ম বলেন, বিগত ১৬ বছরের স্বৈরাচার শেখ হাসিনা এদেশের মানুষের উপর নির্মম অত্যাচার চালিয়েছে। বিগত ১৬ বছরের আমাদের লাখ লাখ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীরা জেল খেঠেছে। সেই জেল জুলুম উপেক্ষা করে আমাদের নেতাকর্মীরা রাজপথে ছিল। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তিনি ভারতে বসে আজ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের মাস ঘোষনা করেছেন। মানুষ নির্বাচনের জন্য, ভোটের জন্য লড়াই করেছে। সাধারণ মানুষ আজ ভোটের আশায় রয়েছে। এসময় নেতাকর্মীদেরকে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার জন্য আহবান জানান তিনি।