রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে এক দাওয়াতী সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী পৌর শাখা।
বুধবার (৬ আগস্ট) বিকেলে শহরের আজাদী ময়দানসংলগ্ন (বি আর ই এল) অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, রাজবাড়ী জেলা আমীর ও রাজবাড়ী-১ আসনে দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম।
সভায়, রাজবাড়ী পৌর জামায়াতের আমীর, জেলা মিডিয়া বিভাগের সেক্রেটারি ও জেলা শুরা সদস্য ডা. মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি ফখরুল ইসলাম শাহিনের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক হেলাল উদ্দিন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আজকের আয়োজন। সাংবাদিকেরা জাতির বিবেক। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যেই আজকের এই দাওয়াতী সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দল। অতীতে আমাদের বহু নিরপরাধ নেতাকর্মীকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। অনেককেই ষড়যন্ত্র করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী গণআন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “এই আন্দোলনের বিজয় কেবল জামায়াত নয়, সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ও সংবাদমাধ্যমের প্রেরণা হয়ে থাকবে। “জামায়াত যদি রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।”