মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
পার্বতীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত আজ বুধবার (১৩ আগষ্ট) টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠানে খাবার প্যাকেট বিতরণে হট্টগোল হয়েছে।
সূত্র জানায়, স্বাস্থ্য বিভাগ আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৮ কার্য দিবস পর্যন্ত ৯ মাস হতে ১৫ বছর বয়সী শিশুদেরকে টাইফয়েডের ভ্যাকসিন দেয়া হবে। এজন্য সকল শিশুদেরকে অনলাইনে রেজিষ্ট্রেশনের আওতায় আনতে হবে। ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকল মাধ্যমিক ও মাদ্রাসামূহের শিক্ষকদেরকে আমন্ত্রণ জানানো হয় ক্যাম্পেইনটিতে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ,কে,এম শরিফুল রেজওয়ানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আর,এম,ও ডাক্তার হারুনুজ্জামান প্রমুখ।
আমন্ত্রিত শিক্ষকদের নেতা আবু সালেহ ও মাদ্রাসা শিক্ষক মাহাবুবার রহমান সাংবাদিকদের নিকট ক্ষোভ প্রকাশ করে বলেন, বিতরণের দায়িত্বে নিয়োজিতরা আমন্ত্রিত শিক্ষকদের আসনে খাদ্যের প্যাকেট না দিয়ে লাইন ধরিয়ে বের হয়ে যাওয়ার পথে বিতরণের ব্যবস্থা করেন। খাবার প্যাকেট ও পানির বোতল পরিবহনের জন্য কোন শপিং ব্যাগ দেয়া হয়নি। এসময় হট্টগোল ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আয়োজকদের এমন কর্মকান্ডে শিক্ষকগন অসম্মানিত হয়েছেন বলে জানান তারা।
এ বিষয়ে জানতে চাইলে, পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ,কে,এম শরিফুল রেজওয়ান বলেন, ‘কর্মস্থলে আমি নতুন, খাদ্য বিতরণকারীর এমন ভুলের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন’।