মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ১০ টায় পার্বতীপুর উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
গ্রামবিকাশ মৎস্য কর্মকর্তা জাহিদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উত্তর-পশ্চিম মৎস্য সম্প্রসারণ প্রকল্পের (রাজস্ব) হ্যাচারি কর্মকর্তা মাহফুজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হোসাইন প্রমুখ। পুরো অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আহসান হাবীব (তুহিন)।পোনামাছ অবমুক্তকরণে সর্বমোট ২০ কেজি বিভিন্ন প্রজাতির রুই, কাতল ও মৃগেল মাছ উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচীতে অংশ নেয় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, মৎস্যচাষীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
সবশেষে মৎস্যজীবিদেরকে পুরস্কৃত করা হয়- তারা হলেন, কার্ব মাছ উৎপাদনে পুরস্কার পেয়েছেন সার্ফ ফিসারিস এন্ড এগ্রো’র রকিবুল ইসলাম, পাঙ্গাশ মাছ উৎপাদনে আমজাদ হোসেন, পানির ট্যাংকিতে মাছ উৎপাদনে মতিউর রহমান এবং পোনা মাছ উৎপাদনে শাহজাহান ও শরিফুল।