মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :
রাজবাড়ীতে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্য্যনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত যাত্রীর নাম ওছামা ইব্রাহিম রাব্বি (২০)। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। রাব্বি ওই এলাকার মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে।
রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা ট্রেন রাজবাড়ী হয়ে খুলনা যাওয়ার সময় বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্য্যনগর রেলস্টেশন এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে নির্মাণাধীন স্টেশনের ওয়ালের সাথে বাধাপ্রাপ্ত হয়ে তিনি নিচে পড়ে মারা যান।
রাজবাড়ী রেলওয়ের থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পরিবারের লোকজন আসলে মরদেহ হস্তান্তর করা হবে। ধারনা করা হচ্ছে নিহত যাত্রী ট্রেনের দরজার সামনে বসে ছিল এবং এ পর্যায়ে স্টেশনের নির্মাণাধীন ওয়ালের সাথে বাধাপ্রাপ্ত হয়ে এই দুর্ঘটনা ঘটেছে।