রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী বালিয়াকান্দিতে মাহেন্দ্র ইজিবাইকের সংঘর্ষে লুৎফর রহমান মন্ডল (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে । এসময় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল পৌনে আটটার দিকে বালিয়াকান্দি নারুয়া সড়কের বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের এই দুর্ঘটনা ঘটে।
নিহত লুৎফর রহমান বালিয়াকান্দি সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল গনি মন্ডলের ছেলে।
আহতরা হলেন, ইজিবাইক চালক নাদেশ শেখ (৬৫), রুহুল আমিন সরদার (৬০) ওআব্দুস সালাম শেখ (৫৫) আহত হয়েছেন। আহত সবাই বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নারুয়া বাজার থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্র এবং নিশ্চিন্তপুর থেকে পেঁয়াজের চারা সহ চারজন একটি ইজবাইকে বালিয়াকান্দি বাজারে আসছিল। বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের রেজাউল ইসলামের বাড়ির সামনে পৌঁছালে মাহেন্দ্র ও অটো বাইকের সংঘর্ষ হয়। এতে অটো বাইকে থাকা চারজন রাস্তার পাশে সিটকে পড়েন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লুৎফর রহমানকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। এই বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।