ঢাকা, ১২ মে ২০২৬: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে বহিষ্কৃত দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল কালাম মল্লিক এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রেজোয়ান হোসেন সুজনের বিরুদ্ধে আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তারা পুনরায় নিজ নিজ পদে বহাল থাকবেন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট নেতাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। অন্যদিকে, গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবু সাইদ সরকারকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এ সিদ্ধান্তও অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠান সহ-দপ্তর সম্পাদক মিনহাজগল ইসলাম ভূইয়া।