নারীর অর্থবহ রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে রংপুরে দুই দিনব্যাপী “SHE Leads: নারীর রাজনৈতিক এজেন্সি ও নেতৃত্ব উন্নয়ন” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশন ও অ্যাকশনএইড বাংলাদেশের উদ্যোগে ১৮ ও ১৯ মে রংপুরের আরডিআরএস মিলনায়তনে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। জাতিসংঘের নির্বাচনী সহায়তা প্রকল্প (BALLOT ও DRIP)-এর সহযোগিতায় বাস্তবায়িত GRIP প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে রংপুর, বগুড়া ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন নাগরিক সংগঠন, যুব সংগঠন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিসহ মোট ২০ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নারীর রাজনৈতিক অধিকার, নেতৃত্ব বিকাশ, জেন্ডার পরিচয়, সাংবিধানিক ও আইনগত অধিকার, অ্যাডভোকেসি কৌশল এবং রাজনৈতিক অংশগ্রহণে বিদ্যমান কাঠামোগত বাঁধা ও উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন যে, রাজনীতিতে নারীর অংশগ্রহণকে শুধু প্রতীকি পর্যায়ে সীমাবদ্ধ না রেখে কার্যকর ও সিদ্ধান্ত গ্রহণমূলক পর্যায়ে উন্নীত করতে হবে। এছাড়া তৃণমূল পর্যায়ের নারী কর্মীদের রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং দক্ষতা উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ভবিষ্যতে নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ পরিচালনা করেন প্রশিক্ষক আব্দুল্লাহ জাফর ও রিতা দাস। প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন অ্যাকশনএইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার শান্তা ইসলাম এবং ফিল্ড কো-অর্ডিনেটর সিদরাতুল মুনতাহা। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। আয়োজকরা জানান, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রংপুরে নারীর রাজনৈতিক নেতৃত্ব বিকাশে SHE Leads প্রশিক্ষণ অনুষ্ঠিত
মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি: