জনগণের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দিতে দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬। এ উপলক্ষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রনালয়ের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়| উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, পার্বতীপুর প্রেসক্লাবের আহ্বায়ক আতাউর রহমান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ সহজে ও দ্রুত ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা পাচ্ছেন। এতে হয়রানি কমার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী চলা এই মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও তথ্য প্রদান করা হবে। অনুষ্ঠানে আগত সেবা গ্রহীতাদের ভূমি বিষয়ক নানা দিক সম্পর্কে অবহিত করা হয়।