দিনাজপুরের পার্বতীপুরে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ, শিক্ষা ও সংস্কৃতির বিকাশ এবং সামাজিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে উপজেলা ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২৮ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এতে কামরুল সরেনকে সভাপতি এবং কামরুল মার্ডিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী কমিটির সাধারণ সম্পাদক ডুই টুডু। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ল্যাম্ব কর্মকর্তা এনোস সরেন।
বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং সাংবিধানিক অধিকার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত উপজেলা কমিটি স্থানীয় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভা শেষে নব নির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সফল ও কার্যকর কর্মকাণ্ড কামনা করা হয়।