যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। আজ (১৬ জুলাই) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন। এতে উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, সমবায় অফিসার আব্দুর রউফ প্রামাণিক, সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম, সাংগঠনিক সম্পাদক জুলাই যোদ্ধা মঞ্জুরুল হক, বিএনপি নেতা আকরাম হোসেন, শরিফুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু সায়েম শাহ, ১০ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং পার্বতীপুর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ফয়েজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে তাদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরার ওপরও বক্তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।