দিনাজপুরের পার্বতীপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত দুটি ব্যাগ থেকে ৯২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১৩-এর রংপুর সদর কোম্পানির একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায়।
র্যাব সূত্রে জানা যায়, রাত পৌনে ১২টার দিকে বদরগঞ্জ থেকে পার্বতীপুরের দিকে যাওয়া সড়কের বাসুপাড়া মোড় এলাকায় সন্দেহজনকভাবে পড়ে থাকা দুটি ব্যাগের সন্ধান পাওয়া যায়।
পরে ব্যাগ দুটিতে তল্লাশি চালানো হলে একটিতে ৫০ রাউন্ড এবং অন্যটিতে ৪২ রাউন্ড গুলি পাওয়া যায়।
উদ্ধার করা গুলিগুলো .২২ রিমফায়ার লং রাইফেলের বলে জানিয়েছে র্যাব। তবে ব্যাগগুলোর আশপাশে কোনো ব্যক্তি কিংবা গুলির দাবিদার কাউকে পাওয়া যায়নি।
পরে উদ্ধার হওয়া সব গোলাবারুদ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-১৩ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিতভাবে চলছে। অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।