রাজবাড়ীতে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে সদর উপজেলার মূলঘর ইউনিয়নের ভৈরবকুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনায় নিহত কিশোরের নাম নাজমুল শেখ (১৪)। নাজমুল জেলার সদর উপজেলার মূলঘর ইউনিয়নের ভৈরবকুল এলাকার বাবলু শেখের ছেলে।
নিহতের পরিবার ও প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাড়ির অদূরে স্কুল মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল নাজমুল। খেলা শেষে মাঠের পাশেই একটি পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে পুকুরে পরে যায় সে। এসময় সঙ্গে থাকা বন্ধুরা পুকুরে তাকে খোঁজাখুঁজি করে। পরে তারা নাজমুলকে খুঁজে না পেয়ে পরিবারকে খবর দেয়। পরে মাছধরা বেড় জালের সাহায্যে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নাজমুল মৃগীরোগে আক্রান্ত ছিল বলে পরিবারের সূত্রে জানা যায়।
মূলঘর ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বর) মো. আরশাদ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এটি একটি অকাল মৃত্যু। এটা মেনে নেওয়া কঠিন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।