শাখাওয়াত হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ীতে খেলতে গিয়ে বাড়ীর পাশের টিটুর পুকুরে ডুবে মামাতো- ফুফাতো ভাই-বোন দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের মাধবলক্ষ্মীকোল এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন দাদশী ইউনিয়নের মাধবলক্ষ্মীকোল গ্রামের মো. রুবেল শেখের মেয়ে তাইবা খাতুন(৫) ও রুবেলের চাচাতো বোন মোছা: নাজমা বেগমের ছেলে মো. সোয়াইব (৬)। সোয়াইব রাজবাড়ীর রাজারবাড়ী কালিতলা এলাকার মো. মাসুদ ছেলে।
জানা গেছে, দুপুরের দিকে বাড়ীর পাশের টিটুর পুকুর পাড়ে খেলাধুলার করার কোন এক সময় দুজনে পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন দেখতে না পেয়ে পুকুর পাড়ে খোজা-খুজি করলে পুকুরে তাদের দুজনকে ভেসে থাকতে দেখে। এসময় তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। এসময় হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শিশু দুজনকে মৃত্যু বলে ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন বলেন, শনিবার বিকাল সাড়ে ৩টায় শিশু তাইবা খাতুন ও সোয়াইব কে রাজবাড়ী হাসপাতালে নিয়ে আসেন। পানিতে ডুবে যাওয়া দুইটি শিশুকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তারা মারা যায়। আমরা ইসিজি করে পরিক্ষা করে দেখেছি।