রাজবাড়ীর পাংশা পৌরসভার কাউন্সিলরসহ দুইজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার গভীর রাতে তাকে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বি-কয়া গ্রামের চারাখালী এলাকার একটি মেহগনী বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, তাদের কাছ থেকে দুটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গতকাল বুধবার সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস প্রমূখ ।
গ্রেপ্তার কাউন্সিলরের নাম তাজুল ইসলাম ওরফে তাইজেল (৪০)। তিনি পাংশা পৌর শহরের কুড়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর। তাঁর বাবার নাম রফিকুল ইসলাম খালাশী। অপরজন হৃদয় মীর (২২) পাংশা পৌরসভার নারায়নপুর গ্রামের বাসিন্দা। হৃদয়ের বাবার নাম আবদুর রহমান মীর।
পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, আসামীরা জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি, খুন, ডাকাতি, দস্যুতাসহ বিভিন্ন আইনবিরোধী কাজ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে সাওরাইল ইউনিয়নের বি-কয়া গ্রামের চারাখালী গ্রামের পাঞ্জু শিকদারের মেহগনী বাগানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামীদের কাছ থেকে দুটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বুধবার দুপুরে কালুখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাজুলের বিরুদ্ধে খুন, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে সাতটি এবং হৃদয়ের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, এই মাসে মোট সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলোর মধ্যে ছয়টি বিদেশী (চারটি পিস্তল ও দুটি রিভলবার) এবং একটি স্ট্যানগান। মানুষের জানমানের নিরাপত্তার জন্য অভিযান চলমান থাকবে।