এ এম ফাহাদ :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিক সহ ছয় জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।
রবিবার (১৩ নভেম্বর) মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম সোহাগ বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় মামলাটি দায়ের করা হয়।
জানা যায়, মামলার এক নাম্বার আসামী আসলাম চৌধুরী নামক একটি ফেইক ফেসবুক আইডির মাধ্যমে বিভিন্ন লোকের অনিয়ম ও দূর্নীতির বিষয় পোস্ট করতেন। গত শনিবার ১২ নভেম্বর নিজ বাসা থেকে কয়েকজন লোক তাকে আটক করে। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। কিন্তু ১২ নভেম্বর মামলা রুজু না করে নাটকীয়ভাবে দুই সাংবাদিকের নামসহ ছয় জনের নাম উল্লেখ করে ১৩ নভেম্বর মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর বাদী হয়ে মামলা রুজু করে।
মামলার আসামিরা হলেন- ১/ (আসলাম চৌধুরী ফেসবুক আইডির এডমিন) ইউছুফ আলী, ২/ কেফায়েত উল্যাহ, ৩/ দি বাংলাদেশ টুডে’র গুইমারা প্রতিনিধি দিদারুল আলম, ৪/ এশিয়ান টেলিভিশনের মাটিরাঙ্গা প্রতিনিধি ফারুক হোসেন, ৫/ আল আমিন রনি, ৬/ জয়ত্রী দে শিল্পী।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন নেতাকর্মী, চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাদের অনিয়ম ও দূর্নীতির একাধিক অভিযোগ ওঠে। ঐ সকল অনিয়ম ও দূর্নীতির স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। ঐ সকল সংবাদ প্রকাশের জের ধরে নাটকীয়ভাবে দুই সাংবাদিকের নাম জড়িয়ে আইসিটি অ্যাক্টে মামলা দায়ের করেন।
মামলার বিবাদী এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি ফারুক হোসেন জানান, বিভিন্ন সময়ে উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তা, চেয়ারম্যান, মেম্বারদের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির সংবাদ প্রকাশ করার জের ধরে নাটকীয়ভাবে ষড়যন্ত্র করে আমাকে এই মামলায় জরিয়েছে। অথচ এই মামলার বিষয়ে আমি কিছুই যানিনা। আমি বিভিন্ন সময়ে অনিয়ম ও দূর্নীতির সংবাদ ছাড়াও সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রতিবেদন তৈরী করেছি। সাংবাদিকদের মুখ বন্ধ ও বাকরুদ্ধ করে রাখতে আইসিটি অ্যাক্টে এই মামলা দায়ের করেছে। আমরা এ মামলা আইনিভাবে মোকাবিলা করবো।