রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ধুঞ্চি গ্রাম থেকে শনিবার রাতে ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ওই নারীর মাদক বিক্রেতা ছেলে পালিয়ে গেছে। এবিষয়ে রোববার রাজবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার নারীর নাম মোছা. মনিরা বেগম (৫০)। তাঁর স্বামীর নাম শফিকুল ইসলাম। তিনি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ধুঞ্চি গ্রামের বাসিন্দা। মনিরার ছেলের নাম মো. মুন্না (২৩)।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরার স্বামী আরেকটি বিয়ে করে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়ায় বসবাস করেন। মনিরা ও তাঁর ছেলে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ওই নারীর বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার ৩০০ ইয়াবা বড়িসহ তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবা বড়ির দাম তিন লাখ ৯০ হাজার টাকা। এছাড়া মাদক বিক্রির ২৫ হাজার টাকা জব্দ করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান বলেন, ওই নারী ও তাঁর ছেলে মুন্না (২৩) মাদক ব্যবসা পরিচালনা করতো। একটি বড় চালানের খবর পেয়ে অভিযান চালিয়ে ইয়াবা, ইয়াবা বিক্রির টাকাসহ মনিরাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মনিরা ও তাঁর ছেলে মুন্নার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।