রাজবাড়ীঃ
রাজবাড়ীতে শিশুকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে ও অপরাধীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি পেশ করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে মহিলা পরিষদের উদ্যোগে এই স্মারকলিপি পেশ করা হয়।
অভিযুক্ত ব্যক্তির নাম অসিত কুমার সরকার (৪০)। অসিতের বাবার নাম রঞ্জিত সরকার। তাঁর বাড়ি রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া গ্রামের হায়দারপুর পাড়ায়।
স্মারকলিপিতে বলা হয়, ১৫ ফেব্রুয়ারি দুপুরে চার বছর বয়সী এক শিশুকে বরই খাওয়ার লোভ দেখান। লোভ দেখিয়ে তিনি নিজের ঘরে শিশুটিকে নিয়ে বিবস্ত্র করেন। এসময় ঘটনাস্থলে শিশুটির মা উপস্থিত হয়। এতে করে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। এতে সই করেন সংগঠনের সভাপতি ডা. পূর্ণিমা দত্ত, সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা ও লিগ্যাল এইড সম্পাদক রেহেনাজ পারভীন।
সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ সবসময় নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছে। আমরা শিশুকে ধর্ষণ চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করে আসামীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, এঘটনায় পরের দিন শিশুটির মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।