নুর হোসেন- মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ
রাজধানীর যাত্রাবাড়ীতে মোটরসাইকেলে বাসের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছে। তাঁর নাম ওমর ফারুক পলক (২৪)। তিনি বেসরকারি মুগদা ইসলামিক ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী। এই ঘটনায় জুয়েল রানা (২১) নামের ওমর ফারুকের সহপাঠী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে যাত্রাবাড়ীতে কাজলার ভাঙা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাঁরা জিনজিরা এলাকায় থাকেন।
ওমর ফারুক মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাহেবদীনগর গ্রামের মমিনুল হকের পুত্র। এছাড়া তিনি জে. আলম এন্ড এসোসিয়েটসের জুনিয়র একাউন্ট অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন এবং আমার বাংলাদেশ ফাউন্ডেশনের বৃক্ষরোপন ও সৌন্দর্য বর্ধন সম্পাদক এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুণর্বাসন সোসাইটি চট্টগ্রাম জেলা যুব কমান্ডের সচিব।
নিহত ওমর ফারুকের দূরসম্পর্কের মামা নাদিম হোসেন বলেন, ওমর ফারুক ও জুয়েল রানা দু’জনেই মুগদা ইসলামিক ইউনিভার্সিটিতে বিবিএর প্রথম বর্ষে পড়াশোনা করেন। আজ সকালে তাঁরা মোটরসাইকেল চালিয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় আশিয়ান সিটি পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাঁরা দুইজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। পরে সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তাঁদের আ-হত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আহত ওমর ফারুককে মৃত ঘোষণা করেন। জুয়েল রানার ডান হাটুতে আঘাত লেগেছে, তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ওমর ফারুকের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত জুয়েল রানা জরুরি বিভাগে চিকিৎসাধীন।