মোঃ মাজেদুল ইসলাম,বগুড়া।
বগুড়ার আদমদীঘিতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক কৃষক আত্মহত্যা করেছেন।
শনিবার বিকালে উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেটে ওই ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম সাইফুল ইসলাম। তিনি নওগাঁ সদর এলাকার দিঘাহার গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
দায়িত্বরত গেটম্যান শাহাদাত হোসেন জানান, চিলাহাটী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল রকেট মেইল ট্রেন। বিকাল ৩টায় উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেটে পৌঁছামাত্র ওই ব্যক্তি মোবাইল ফোনে কথা বলতে বলতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন। এতে ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা খেয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে বিষয়টি উদঘাটনের চেষ্টা চলছে।