রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশা উপজেলায় মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছে। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার নওয়াপার পূর্বপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুস সাত্তার মোল্লা (৫৫)। তিনি কুষ্টিয়ার খোকসা উপজেলার বিডিবি মির্জাপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম ছবেদ আলী মোল্লা।
পাংশা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, সাত্তার পাংশা উপজেলার সরিষা বাজারে টাইলসসহ স্যানিটারীর মালামাল বিক্রির ব্যবসা করেন।
সকাল সোয়া ৭টার দিকে তিনি মোটর সাইকেল চালিয়ে দোকান খুলতে যাচ্ছিলেন। পাংশার নওয়াপার পূর্বপাড়া এলাকায় পৌছালে তাকে একটি অজ্ঞাতনামা গাড়ির সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পাংশা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, বাড়ি থেকে মোটর সাইকেলে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘাতক গাড়িটিকে সনাক্ত করার চেষ্টা চলছে।