রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলায় শেখ সুমন সবুজ (৩২) নামের ছাত্রলীগের এক নেতাকে গুলি করে হত্যাকান্ডে জড়িত অস্ত্রধারী খুনিদেও গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে প্রতিবাদী সমাবেশ ও স্বারকলিপি পেশ কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
নিহত শেখ সুমন সবুজ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের বাসিন্দা শামসুল আলম শেখের ছেলে। সবুজ বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ছয় মাস আগে তিনি বিয়ে করেন।
কর্মসূচির শুরুতে দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের আমতলায় প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হয়। এতে
সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ। বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ইমরান, সাধারণ সম্পাদক কামাল খান, পৌর কমিটির সভাপতি আরফানুল হক, সাধারণ সাধারণ সম্পাদক রিয়াদ রায়হান, রাজবাড়ী সরকারি কলেজ কমিটির সাধারণ সম্পাদক দেবজ্যোতি নাগ।
কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এরপর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে হত্যাকান্ডে জড়িত অস্ত্রধারী সকল খুনিকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান স্মারকলিপি গ্রহণ করেন। তাঁরা এবিষয়ে পদক্ষেপ নেওয়ার বিষয়ে নেতাদের আশ্বস্ত করেন।
রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) এম এম শাকিলুজ্জামান বলেন, নিজেদের মধ্যে অভ্যন্তরীন কোন্দলের কারণে এই হত্যাকান্ড হয়ে থাকতে পারে। শেখ সুমন সবুজ হত্যা মামলায় পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। কিন্তু তদন্তের স্বার্থে এসব বলা যাচ্ছে না। হত্যাকান্ডের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুই ব্যক্তি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকান্ডে জড়িত অন্য আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।