মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় এক নারীর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে । সোমবার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। তবে পরিবারের দাবি এটি একটি হত্যাকান্ড।
নিহত নারীর নাম আজমিন (১৮)। তিনি বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর করমচাঁদপুর গ্রামের আলীমুজ্জামানের মেয়ে।
পরিবার সূত্র জানায়, আজমিন ও তামিম একই শ্রেণিতে পড়ালেখা করত। একপর্যায়ে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে। প্রায় দেরমাস আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। আজ সোমবার তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।পরে এই ঘটনার খবর পান তারা।
নিহত আজমিনের চাচাতো ভাই রুবেল জানান, আমার বোন শ্বশুর বাড়িতেই ছিল। আজ বাড়িতে আসার কথা। পরে শ্বশুর বাড়ি থেকে ফোন করে হাসপাতালে আসতে বলে। আমরা হাসপাতালে এসে দেখি আজমিনের মরদেহ ফেলে সবাই পালিয়েছে। তারা আমাদেরকে বলেছে আজমিন আত্মহত্যা করেছে। কিন্তু আজমিন আত্মহত্যা করেনি। তাকে ওরা মেরে ফেলেছে। আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করবো।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান বলেন, এই ঘটনাটি বালিয়াকান্দি উপজেলার। তবে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছিল। সুরতহালের কাজ সম্পূর্ণ করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।