মোস্তফা কামাল মামুন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনের পতন ঘটলেও সেই ফ্যাসিস্ট কাঠামো এখনো টিকে আছে। এখনও দেশে রয়েছে মাফিয়াতন্ত্র, দখলদারিত্ব, সন্ত্রাস। লড়াই শেষ হয়নি, এই লড়াই চলছে এবং চলবে নতুন একটি দেশ গঠনের লক্ষ্যে।”
তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো ধোঁয়াশা বা টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না। উন্নয়নের স্বার্থে এই প্রকল্প বাস্তবভিত্তিক হতে হবে এবং কুড়িগ্রাম যেন এতে উপেক্ষিত না হয়, তা নিশ্চিত করতে হবে।
নাহিদ ইসলাম বলেন, “আমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম তা এখনও বাস্তবায়ন হয়নি। কুড়িগ্রামের মতো এলাকা আজও বঞ্চনা, অবহেলা ও দারিদ্র্যের প্রতিচ্ছবি। যতদিন না কুড়িগ্রামের প্রান্তিক জনগণের উন্নয়ন নিশ্চিত হবে, ততদিন বৈষম্যহীন বাংলাদেশ গড়ে ওঠার দাবি অসম্পূর্ণ থেকে যাবে।”
তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলেও ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে। সেই মাফিয়া সংস্কৃতি, দখলদারিত্ব, সন্ত্রাস আজও বর্তমান। এই পরিস্থিতি তিনি আরও বলেন “কুড়িগ্রাম মানেই অধিকারবঞ্চিত চরবাসীর লড়াই, ভূমিহীন মানুষের সংগ্রাম, সীমান্তে কান্না আর ফেলানীর ঝুলন্ত লাশের বেদনা। কুড়িগ্রাম মানে তিস্তা চুক্তির লড়াই, তারামন বিবির অস্ত্রধারণ, জুলাই আন্দোলনের প্রতিচ্ছবি। এই মর্যাদার কুড়িগ্রাম গড়তে এনসিপির পতাকা তলে সবাইকে আহ্বান জানাই।”
বুধবার (২ জুলাই) দুপুর ২টায় কুড়িগ্রামের ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকের সামনে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে দুপুর সাড়ে ১২টায় রংপুর থেকে রাজারহাট হয়ে পদযাত্রা নিয়ে কুড়িগ্রামে প্রবেশ করেন এনসিপির নেতাকর্মীরা। তারা ত্রিমোহনী বাজার হয়ে সভাস্থলে পৌঁছান।
পথসভায় কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে রাজারহাটে আরেকটি পথসভায় নাহিদ ইসলাম জানান, “আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করবো। যারা গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে।”
রাজারহাট ও কুড়িগ্রামে পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কৌলাশ চন্দ্র রবিদাস, ড. আতিক মুজাহিদ, সামান্তা শারমিন, এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সঞ্চালনায় ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সমাবেশ শেষে কুড়িগ্রাম জেলার সন্তান এবং কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদকে কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী হিসেবে সমর্থন জানান নাহিদ ইসলাম।
পদযাত্রা শেষে এনসিপির নেতাকর্মীরা নাগেশ্বরী হয়ে ফুলবাড়ী উপজেলার পথে রওনা দেন, যেখানে আরও একটি পথসভা শেষে তারা লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন।