শাজাহানপুর, (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরের খোট্টাপাড়া ইউনিয়নের মোস্তাইল পাচপীরতলা বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে জবরদস্তি ও অনিয়মের অভিযোগ উঠেছে।
মাদ্রাসার সহকারী শিক্ষক হারুনুর রশিদ জানান, “মাদ্রসার ম্যানেজিং কমিটি গঠন হতে যাচ্ছে এমন সংবাদ পেয়ে মাদ্রাসায় এসে অভিভাবকদের কাছ থেকে জোরপূর্বক অভিভাবক সদস্য ফরম পূরণ এবং প্রত্যাহার করে নিয়েছেন খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার ও তার বাহিনীর প্রায় ১০/১৫জন লোক।
এ সময় বাশারের সাথে ছিল উপজেলা জাসাসের সভাপতি আনোয়ার হোসেন। ”
অত্র মাদ্রসার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এবং খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক জানান, বৃহস্পতিবার(২৪ জুলাই) দুপুরে দলবল নিয়ে মাদ্রাসার ভেতরে প্রবেশ করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বাসার। এসময় তার বাহিনী শিক্ষক বিশ্রামাগারে শিক্ষকদের ভয়ভীতি দেখায় ও রীতিমতো তান্ডব চালায়। বাসার উপজেলা তাঁতিলীগের সহ সভাপতি ও অত্র মাদ্রাসার শিক্ষক নজরুল হোসেনকে শিক্ষক প্রতিনিধি বানাতে শিক্ষকদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নিয়েছেন।
বিষয়টি জানতে পেরে লোকজন নিয়ে বাধা দেন তিনি। কমিটি গঠন নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলেও জানান।
বিএনপির সাধারণ সম্পাদক আবু বাসার মাদ্রাসার ঘটনায় প্রতিক্রিয়া জানান, ওরকম কিছুই করা হয়নি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মাদ্রাসা ম্যানেজিং কমিটির গঠন করতে চাই। সে কথা বলতেই মাদ্রাসায় গিয়েছিলাম।