মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :
রাজবাড়ীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে জেলার শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় জুলাই শহীদদের সমাধিস্থলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুরুতে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের জুলাই শহীদ আব্দুল গণি মিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুলতানা আক্তার। এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন রাজবাড়ী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ। এসময় জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ-উল-হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হকসহ বিভিন্ন দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলার বালিয়াকান্দি উপজেলার শহীদ সাগর আহম্মেদের সমাধিস্থলের শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান। এছাড়াও কালুখালী উপজেলার জুলাই শহীদ কুরমান শেখের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া আফরোজ। এসময় বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।