মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলামকে বুড়োকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে রাজবাড়ী সদর উপজেলার বড়পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খন্দকার সাইফুল ইসলাম বুড়ো জেলার পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং এরআগে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
পুলিশ সূত্র জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাংশা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন খন্দকার সাইফুল ইসলাম। গত বছরের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পাংশা মডেল থানার রিকুইজিশনের প্রেক্ষিতে বুধবার রাত সোয়া আটটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে রাজবাড়ী সদর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব জানান, নিরাপত্তার স্বার্থে বর্তমানে তাকে রাজবাড়ী সদর থানায় হেফাজতে রাখা হয়েছে। সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।