বগুড়ার শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালকে আধুনিক ও পূর্ণাঙ্গ শিশু চিকিৎসাকেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে ব্যাপক উন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে।
নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সভায় হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসাসেবার পরিধি বৃদ্ধি এবং শিশুস্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় অবস্থিত হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
তারেক রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল
সভায় জানানো হয়, ২০০৫ সালে তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল উত্তরাঞ্চলের শিশু চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে হাসপাতালটির কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করতে নতুন পরিচালনা কমিটি কাজ শুরু করেছে।
হাসপাতালের পরিচালক আমিনুল হক দেওয়ান সজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পরিচালনা কমিটির উপদেষ্টা রেজাউল করিম বাদশা এবং অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
২১ মে নতুন পরিচালনা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য মো. মোশাররফ হোসেন এমপি, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, বিএমএ বগুড়ার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি বাদল সিদ্দিকী, ড্যাব বগুড়া সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, সাধারণ সম্পাদক ডা. মো. ইউনুস আলী এবং মাফতুন আহমেদ খান রুবেল
স্বাস্থ্য সেবাকে আধুনিকায়ন ও জনবান্ধব করার লক্ষ্যে
বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় হাসপাতালের চিকিৎসাসেবা আরও আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে শিশুদের জন্য অ্যাজমা ও হৃদরোগের বিশেষায়িত চিকিৎসাসেবা চালুর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দক্ষ জনবল বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং রোগীসেবার গুণগত মান উন্নয়নের বিষয়েও মতামত তুলে ধরা হয়।
উল্লেখ্য, গত ২১ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের নতুন পরিচালনা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে।