রাজবাড়ীতে হাত-পা বাঁধা অবস্থায় পাটক্ষেত থেকে এক নিখোঁজ জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে কালুখালী থানা পুলিশ।
মৃত যুবকের নাম আসাদুল ইসলাম (২৫)। তিনি কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিলমানুষমারি গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে। আসাদুল মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী বলে দাবি করেছেন জেলা জামায়াতে ইসলামীর আমির আইনজীবী মো. নূরুল ইসলাম।
জানা গেছে, রোববার দুপুরে বাড়ি থেকে বের হয় আসাদুল। তার পরিবারের পক্ষ থেকে তাকে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে স্থানীয় থানা পুলিশকে নিখোঁজের বিষয়টি জানানো হয়। এরই প্রেক্ষিতে সোমবার স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে পুলিশ। হত্যার পর মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।
রাজবাড়ী সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার জানান, পুলিশ নিখোঁজ হওয়া আসাদুল ইসলামের মরদেহ কালুখালীর এজটি পাটক্ষেতে থেকে উদ্ধার করেছে। আসাদুলকে হত্যার পর তাকে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। আসাদুলের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।