ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের পর এক নারীর পেটে গজ রেখে সেলাই করার অভিযোগ উঠেছে। প্রায় দেড় মাস চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন রাজবাড়ীর বালিয়াকান্দির কনিকা মণ্ডল। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
কনিকার মৃত্যুর খবর পেয়ে শুক্রবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দিতে তাঁর বাড়িতে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি স্বজনদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন।
সরেজমিনে কনিকার বাড়িতে গিয়ে দেখা যায়, স্বাস্থ্যমন্ত্রীর আগমন ঘিরে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীসহ অনেক মানুষ সেখানে জড়ো হয়েছেন। তবে বাড়িজুড়ে ছিল শোকের পরিবেশ। বারান্দায় কনিকার দেড় মাস বয়সী সন্তানকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন তার বোন দীপিকা বিশ্বাস দীপা। পাশে ছিলেন কনিকার আরও দুই সন্তান। স্বজন ও প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন।