আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে প্রার্থীরা মতবিনিময় সভা, উঠান বৈঠক, জনসমাবেশ ও কুশল বিনিময় করেছেন। এরই ধারাবাহিকতায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আব্দুল হক প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নারুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মরাবিলা গ্রামে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ও এলাকার উন্নয়নের লক্ষ্যে উঠান বৈঠক করেছেন।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ, নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে মোঃ আব্দুল হক বলেন, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। নারুয়া ইউনিয়নকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দেন।
বক্তব্যে তিনি এলাকার নানা সামাজিক সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং মাদক ও সন্ত্রাস নির্মূলে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, মরাবিলা এলাকা গড়াই নদীর ভাঙ্গন কবলিত এলাকা। আমার বাড়ীও ভাঙ্গন কবলিত সোনাকান্দর এলাকায়। এ কারণে আমি ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের দুঃখ বুঝি। আমি সব সময় আপনাদের পাশে থাকবো।