সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নম্বর কালিয়া হরিপুর ইউনিয়নের কাদায় মধ্যপাড়া গ্রামে উৎসবমুখর পরিবেশে নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে কাদায় বড় মাদ্রাসা সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলার উদ্বোধন করা হয়। কাদায় গ্রামের যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ খেলায় মতিন একাদশ ও নাঈম একাদশ অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাদায় গ্রামের বিশিষ্ট মুরুব্বি আব্দুস সামাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ৯ নম্বর কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. আব্দুল কাদের শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মরহুম মির্জা আব্দুর জব্বার বাবুর সহধর্মিণী মির্জা মুরশিদা জাহান নিপা এবং সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী ও সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. গোলাম কিবরিয়া বরাত।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. আব্দুল কাদের শেখ বলেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ তৈরি করে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার পাশাপাশি পড়াশোনায়ও মনোযোগী হতে হবে। কারণ আজকের তরুণরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করতে এলাকার যুবসমাজকে এ ধরনের ইতিবাচক আয়োজন অব্যাহত রাখতে হবে। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে সমাজের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই এ নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
রাতের এ ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।