রাজবাড়ীতে শনিবার দুপুরে মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাদ্যপণ্য বিক্রি করার অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজবাড়ী শহরের মাছ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। অভিযানে সহযোগিতা করেন রাজবাড়ীর সিভিল সার্জন কার্যালয়েরসভার স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক, পুলিশ লাইনের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু জাফর। দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো মেসার্স সুভাষ এন্ড সন্স এবং মেসার্স ক্ষুদিরাম স্টোর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বড় বাজার, বিনোদপুর, পানবাজার ও মাছ বাজারের বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় নিত্য পণ্যের মূল্য যথাযথ ভাবে বিক্রয়ের সঠিকতা যাচাই করা হয়। অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রিয় করার উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে সুভাষ এন্ড সন্সকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় মেসার্স ক্ষুদিরাম স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান । তিনি বলেন, দুপুরে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।