রাজবাড়ীঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় চাঁদাবাজি মামলায় জামিন পেয়ে এক সাংবাদিককে মারধর ও হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে বালিয়াকান্দি উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় এই হামলার ঘটনাটি ঘটে। এঘটনায় বালিয়াকান্দি থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।
ভূক্তোভোগি সাংবাদিকের নাম রিয়াদ হোসেন (৩০)। তিনি দৈনিক কালবেলা পত্রিকার বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি। তার বাড়ি বালিয়াকান্দি উপজেলা শহরের কুন্ডুপাড়া এলাকায়।
রিয়াদ হোসেন অভিযোগ করেন, সম্প্রতি বালিয়াকান্দি উপজেলা শহরের কুন্ডু পাড়ার বাসিন্দা ও স্বর্ণ ব্যবসায়ী রতন কর্মকার বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলায় উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের হবিবর মোল্লার ছেলে ইকরাম মোল্লা ও তার ভাই আরিফ মোল্লাসহ (২৫) অজ্ঞাত তিন-চারজনকে আসামী করা হয়। এঘটনায় বিভিন্ন পত্রিকার প্রতিবেদন প্রকাশিত হয়। দৈনিক কালবেলা পত্রিকাতেও নিউজ প্রকাশিত হয়। এঘটনার পর থেকে তার ওপর ইকরাম ক্ষিপ্ত ছিলেন। ইকরামসহ চাঁদাবাজি মামলার অন্যান্য আসামীরা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।
তিনি বলেন, সকাল ১১টার দিকে পেশাগত কাজে তিনি বালিয়াকান্দি উপজেলা সাব রেজিস্ট্রি অফিস এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এসময় ইকরাম ও তার ভাই আরিফ পিছন থেকে তার ওপর অতর্কিত ভাবে হামলা চালায়। কাঠের বাটাম দিয়ে তার ওপর আঘাত করা হয়। আঘাত পেয়ে তিনি মোটর সাইকেল থেকে মাটিতে পড়ে যান। এরপর তাকে এলোপাথারী ভাবে মারধর করা হয়। তার কাছে থাকা এক হাজার সাতশ টাকা ও হাতঘড়ি ছিনিয়ে নেয়। পকেট থেকে চাকু বের করে হত্যার চেষ্টা চালায়। তার চিৎকাওে আশেপাশের লোকজন এগিয়ে আসে। এসময় তাকে হত্যার করার হুমকি দিয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মারধর করার কথা অস্বীকার করেছেন আরিফ মোল্লা। তিনি বলেন, আমি স্ট্যাম্প ভেন্ডারের ব্যাবসা করি। ওই সময় আমার দোকানে ছিলাম। তাকে কে মারধর করেছে জানি না।
বালিয়াকান্দি থানার দায়িত্ব পালনরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মকবুল হোসেন বলেন, এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ওসি স্যার রাজবাড়ী জেলা সদরে আছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে