রাজবাড়ী জেলা ঃ
রাজবাড়ীতে আন্তর্জাতিক মানববাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের স্বজনদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
১০ ই ডিসেম্বর রোববার দুপুর ১২টায় জেলা বিএনপির ও সহযোগি সংগঠনের উদ্যোগে শহরের আটাশ কলোনী মোড়ে এই কর্মসূচি পালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের কথা ছিল। সকাল ১০টার কিছু সময় আগে থেকেই শহরের আজাদী ময়দানে বিএনপির দলীয় কার্যালয়ের প্রবেশ মূখে পুলিশ অবস্থান নেয়। বিকল্প রাস্তা দিয়ে বিএনপির কোনো কোনো নেতাকর্মী কার্যালয়ের সামনে প্রবেশ করে। কিন্তু বিপুল পরিমান পুলিশের উপস্থিতির কারণে তারা কার্যালয় ত্যাগ করেন। দুপুর ১২টার দিকে শহরের আঠাশ কলোনী মোড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় পুলিশ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আজাদী ময়দানে উপস্থিত ছিলো। মানববন্ধন কর্মসূচিতে জেলা বিএনিপর সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমানসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মানবাধিকার দিবসেও মানবাধিকার দিবসের প্রোগ্রাম আমাদেও দলীয় কার্যালয়ে করতে পারছি না। আপনারা দেখেছেন প্রশাসনের ন্যাক্কারজনক ভূমিকা। সেই ভূমিকার কারণে আমরা দলীয় কার্যালয়েও যেতে পারছি না। এদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য, আমাদের প্রিয় নেত্রীকে মুক্তির জন্য, গণতন্ত্র পূনরুদ্ধারের জন্য, আমাদের ১৮ কোটি মানুষের প্রাণের স্পন্দন জননায়ক তারেক রহমানের চলমান আন্দোলন একদফায় রুপ নিয়েছে। দেশের মানবাধিকার সমুন্নত রাখার জন্য বহিবিশ্বে ও গণতান্ত্রিক শক্তি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে।
সরকার অবৈধ ভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। দেশে আরেকটি প্রহসনের নির্বাচন করতে চায়। এক পেঁষে, একদলীয়, বাকশালীয় কায়দার ৭ জানুয়ারি নির্বাচন করার ঘোষনা দিয়েছে। আজকে সারা বাংলাদেশকে কারাগার বানানো হয়েছে। এই কারাগার থেকে মুক্তি পাওয়ার জন্য নিদর্লীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন করতে হবে। সেই আন্দোলনে সবাইকে শরীক হতে হবে।