রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় একটি গুড় কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৫ জুন) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। বেলা ১১টা থেকে বেলা ৩ টা পর্যন্ত এই অভিযান চলে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক ও জেলা পুলিশ লাইন্সের সহকারী উপরিদর্শক (এএসআই) মো. আরিফ হোসেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাঁচারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় উৎপাদন ও প্রতিশ্রæত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে উপজেলার হাবাসপুর কাঁচারীপাড়া এলাকার সুরুজ দোজালী নামে একটি গুড় কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, কোন নিয়ম নীতি না মেনে অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমান করা হয়েছে এবং জনসাধারণের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়। এই অভিযান চলমান থাকবে।