রাজবাড়ী প্রতিনিধিঃ
“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৫ জুন ২০২৫ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আয়োজিত ২৫ জুন বুধবার বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
সকাল ৯.৪০ ঘটিকায় বেলুন ফেস্টুন উড্ডয়ন এর মাধ্যমে দিবসের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। এরপর বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় আম্রকানন হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে পূর্বে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইমরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব। এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারী দফতরের প্রধানগণ, ছাত্র-শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, শিল্প-উদ্যোক্তাগণ, পরিবেশবাদী সংগঠন, রোভার-স্কাউট সদস্যবৃন্দ, বিভিন্ন এনজিও’র প্রতিনিধি এবং গণমাধ্যম প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সভায় স্বাগত বক্তব্য ও প্লাস্টিক দূষণ বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেণ্টেশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: হারুন-অর-রশীদ। এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, গণমাধ্যম প্রতিনিধিসহ আরো অনেকে। সভায় বক্তারা পরিবেশ সুরক্ষা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধ ও প্রতিকারের নানা দিকে আলোকপাত করেন।
আলোচনা সভা শেষে রাজবাড়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার কর্তৃক পরিবেশ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট পুরস্কার হিসেবে গাছের চারা বিতরণ করা হয়।