মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে পার্বতীপুরে কর্মরত সকল স্তরের সাংবাদিকবৃন্দ। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট ) দুপুর সাড়ে ১২ টার সময় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
পার্বতীপুরে কর্মরত সকল স্তরের সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে দৈনিক প্রতিদিনের সংবাদের পার্বতীপুর প্রতিনিধি আল মামুন মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পার্বতীপুর দৈনিক যুগান্তর প্রতিনিধি মুসলিমুর রহমান, দৈনিক মানব কণ্ঠের প্রতিনিধি মামুনুর রশিদ বিপ্লব, দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি আতাউর রহমান, দৈনিক সমকাল প্রতিনিধি মাহমুদুর রহমান, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বকুল, দৈনিক সংগ্রামের আমজাদ হোসেন, সাপ্তাহিক সোনার বাংলা প্রতিনিধি তাজকীর হোসাইন, মাই টিভি প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি জাকারিয়া হোসেন ও লিমন হায়দার প্রমুখ। এ সময় অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও যুগের আলো প্রতিনিধি মেনহাজুল ইসলাম তারেক, দৈনিক খবরে’র জাকির হোসেন, দৈনিক কাল বেলার মিলন পারভেজ, দৈনিক রূপালী বাংলাদেশের মোস্তাকিম সরকার, দৈনিক দেশ রূপান্তরের সোহেল সানি, দৈনিক নিরপেক্ষ’র মহসিন আলী, দৈনিক মানব বার্তার সাজ্জাদ হোসেন ও রাজু দাস, মানব কথা ডটকমের প্রকাশক ও সম্পাদক রোকনুজ্জামান, অনলাইন দৈনিক আজকের সংগ্রামের মোক্তার হোসেন, প্রাইভেট ডিটেকটিভের আমজাদ হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মানব বন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়ন হলেও কোনো সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর-রুনি হত্যাকাণ্ড তার জ্বলন্ত উদাহরণ। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো সাংবাদিক সমাজ নিরাপত্তা ও ঝুঁকির মধ্যে পড়েছে। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত। তাই দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। এ হত্যার তীব্র নিন্দা জানিয়ে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে, বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুশিয়ারী দেন সাংবাদিকরা।