একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এ দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ভাষা আন্দোলনের সকল বীর শহিদকে।
ভাষা একটি জাতির আত্মপরিচয়ের প্রধান ভিত্তি। ভাষার মধ্য দিয়েই বিকশিত হয় একটি জাতির ইতিহাস, সংস্কৃতি, চেতনা ও মূল্যবোধ। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকারের সংগ্রামই ছিল না; এটি ছিল স্বাধীনতা ও স্বাধিকারের পথে বাঙালি জাতির প্রথম সুদৃঢ় পদক্ষেপ। এই আন্দোলনের চেতনার ধারাবাহিকতায় পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশ।
আসুন, ভাষা শহিদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে আমরা আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন হই, প্রমিত ও শুদ্ধ ভাষা চর্চায় অভ্যস্ত হই এবং আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে সমুন্নত রাখি। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার করি।
অমর একুশে চিরঞ্জীব হোক।
সুলতানা আক্তার, জেলা প্রশাসক, রাজবাড়ী ।