দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও নিরবিচ্ছিন্ন ও সহজলভ্য করতে ডাক্তারদের পছন্দ অনুযায়ী পোস্টিং দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সিভিল সার্জনদের শুধু অফিসে বসে না থেকে নিয়মিত মাঠ পর্যায়ে ভিজিট করার নির্দেশনা দেওয়া হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মনোহরদী উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
মন্ত্রী জানান, স্বাস্থ্যখাতে শূন্য পদগুলো দ্রুত পূরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে যে ধরনের জনবল প্রয়োজন, সেখানে সেই অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। ডাক্তারসহ সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে—এ ব্যাপারে কঠোর মনিটরিং থাকবে।
সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রয়োজনীয় জনবল দিয়ে সচল করা হবে। যাতে গ্রামাঞ্চলের মায়েরা ও সাধারণ মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজেই গ্রহণ করতে পারেন। এছাড়া যেসব হাসপাতাল জনবল ও যন্ত্রাংশের অভাবে কার্যক্রমে পিছিয়ে রয়েছে, সেগুলো পূর্ণাঙ্গভাবে চালু করার কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।