গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৩ নম্বর দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা-নলডাঙ্গা সড়কের নলডাঙ্গা ব্রিজ সংলগ্ন ঘাঘট নদীর চরে প্রতি রাতে প্রকাশ্যে লাখ লাখ টাকার জুয়ার আসর বসছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, সাদুল্লাপুর থানা থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটার দূরে দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, সন্ধ্যার পর থেকেই বিভিন্ন এলাকা থেকে জুয়ারিদের সমাগম শুরু হয়। গভীর রাত পর্যন্ত চলে জুয়ার আসর। তাদের দাবি, প্রতিদিন সেখানে লাখ লাখ টাকার লেনদেন হয়।
এলাকাবাসীর অভিযোগ, জুয়ার আসরকে কেন্দ্র করে চুরি, মাদকসেবন, কিশোরদের বিপথগামিতা এবং অন্যান্য অপরাধ বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের প্রশ্ন, থানা থেকে এত অল্প দূরত্বে প্রকাশ্যে এমন কর্মকাণ্ড চললেও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
স্থানীয়রা দ্রুত অভিযান পরিচালনা করে জুয়ার আসর বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পাশাপাশি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, গাইবান্ধার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করে বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে এ প্রতিবেদনে সংযুক্ত করা হবে।