নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের কালিরচর গ্রাম থেকে ভাওয়ালিয়া পাড়া, মনতলা নতুন বাজার হয়ে খেয়াঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের কালভার্ট নির্মাণকাজ দীর্ঘ তিন বছরেও শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, কালিরচর ও ভাওয়ালিয়া পাড়ার মাঝামাঝি স্থানে প্রায় তিন বছর আগে একটি কালভার্ট নির্মাণকাজ শুরু হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও কাজ এখনো সম্পন্ন হয়নি। ফলে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে কয়েক দিন আগে বিকল্প হিসেবে ব্যবহৃত আরেকটি সড়কেও নতুন করে একটি কালভার্ট নির্মাণকাজ শুরু করা হয়েছে। তবে আগের অসমাপ্ত কালভার্টটি চলাচলের উপযোগী না করেই নতুন কাজ শুরু করায় বর্তমানে ভাওয়ালিয়া পাড়ার বাসিন্দারা কার্যত যানবাহন চলাচল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। অটোরিকশা, সিএনজি, ইজিবাইক কিংবা মাইক্রোবাস নিয়ে গ্রাম থেকে বের হওয়া এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
স্থানীয়দের ভাষ্য, কোনো রোগী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া অত্যন্ত কঠিন হয়ে যাবে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং নিত্যপ্রয়োজনীয় কাজে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায় বলে জানান তারা।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট ঠিকাদারের কাজের ধীরগতির কারণ তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপে দ্রুত অসমাপ্ত কালভার্ট নির্মাণকাজ শেষ করে সড়কটি জনসাধারণের চলাচলের উপযোগী করা হোক।
এ বিষয়ে এলাকাবাসী মাননীয় মন্ত্রী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের প্রত্যাশা, দ্রুত কালভার্ট নির্মাণকাজ সম্পন্ন হলে কালিরচর ও ভাওয়ালিয়া পাড়াসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।