রাজবাড়ীর পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
এই ঘটনায় আহত হয়েছেন তার তিন বছর বয়সী সন্তান ইভান। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারা যান তিনি।
নিহত মনিরা খাতুন মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মনিরা খাতুনের সন্তান ইভান ছাতা হাতে বাড়ির পাশেই রেল লাইনের উপর বসে খেলা করছিল। হঠাৎ ট্রেন আসার শব্দ শুনে দৌঁঁড়ে যান মনিরা। এসময় তিনি রেল লাইনের উপর বসে থাকা সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মনিরা মারা যায়। এই ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় ইভানকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ট্রেনের ধাক্কায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।